পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। একইসঙ্গে ১৪ ফেব্রুয়ারি; বিশ্ব ভালোবাসা দিবসও। বর্তমান প্রজন্মের কাছে ভালোবাসা দিবসের সংজ্ঞাটা আলাদা। এখন ভালোবাসা শব্দটা বলতেই বোঝায়, কোনো তরুণ-তরুণীর মধ্যকার সম্পর্ক। সে হিসেবে সারাবিশ্বে তরুণ-তরুণীর কাছে বিশ্ব ভালোবাসা দিবসের গুরুত্ব অন্যরকম।
কিন্তু এই ভালোবাসা শুধু প্রিয়জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের প্রতি মানুষের মধ্যেও। এই ভালোবাসা ছড়িয়ে যাক বিশ্বময়। আর তাই সব মানুষের প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংক ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে।
এ দিন খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংকের এক ঝাঁক তরুণ দল ফুল বিক্রির টাকায় (মূলধনসহ) পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের পোশাক ও শিক্ষাসামগ্রী তুলে দেবে। এসব তরুণ-তরুণীর সবাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অসহায় শিশুদের সাহায্য করার লক্ষ্যে তারা ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুইদিন ধরে মহানগরীর রূপসা সেতু, হাদিস পার্ক, খুলনা বিশ্ববিদ্যালয় ও ৭ নম্বর ঘাটে ফুল বিক্রি করছেন। এরমধ্যে শুক্রবার সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত ২৫০টি ফুল বিক্রি হয়েছে তাদের।

0 Comments